
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় পানির তোড়ে তলিয়ে গেছেন কোম্পানীগঞ্জের প্রবাসী যুবক আবু ছায়েদ (৩৬)। মঙ্গলবার বিকেলে সাগরের কিনারায় পাথরের ওপর থেকে পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন তিনি। ঘটনার পরপরই ওমানের ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর একটি বিশেষজ্ঞ ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ আবু ছায়েদ জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া গ্রামের (পাটোয়ারীর হাট, কিলালি বাড়ি) আবুল খায়ের ও মনোয়ারা বেগম দম্পতির সন্তান। তিনি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিাবরিক সূত্রে জানা যায়, গতকাল ছুটির দিনে বন্ধুদের সাথে দেলকুত উপকূলের প্রাকৃতিক দৃশ্য দেখতে যান আবু ছায়েদ। সমুদ্রের একেবারে কিনারে পিচ্ছিল পাথরের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল সাগরে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই সমুদ্রের শক্তিশালী স্রোত ও বিশাল ঢেউ তাঁকে গভীর সাগরে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা প্রবাসীরা তাত্ক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্থানীয় জরুরি সেবা সংস্থাকে খবর দেন।
এদিকে প্রবাসে আবু ছায়েদের নিখোঁজের সংবাদ দেশে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। পরম করুণাময়ের অলৌকিক কৃপায় হলেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো চোখের দেখা দেখতে ও ছুঁয়ে দেখতে চান শোকস্তব্ধ স্বজনেরা।
নিখোঁজ প্রবাসীর দ্রুত সন্ধান ও উদ্ধার নিশ্চিত করতে ওমানে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পরিবারের সদস্যরা প্রিয়জনের সন্ধান পেতে ও এই দুঃসময়ে সবার কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :