প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুলাই, ২০২৬

২৪ জুলাই শহীদ শাহাদাত হোসেন শাওনের কবর জিয়ারত ও পরিবারের পাশে ছাত্রদল

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. শাহাদাত হোসেন শাওনের কবর জিয়ারত, দোয়া এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

২৪ জুলাই সেনবাগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছানা উল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল।

এ সময় সেনবাগ উপজেলা ছাত্রদল, সেনবাগ পৌর ছাত্রদল এবং সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ শাহাদাত হোসেন শাওনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার শহীদ শাওনের বড় ভাইয়ের হাতে তুলে দেন তারা।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের প্রতি সম্মান ও দায়িত্ববোধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় তাদের পাশে থাকবে বলেও তারা আশ্বাস দেন।

শহীদ শাহাদাত হোসেন শাওনের পরিবারের সদস্যরা এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর