
নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তি, উদ্ভাবন ও যৌথ গবেষণায় সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও ওমানের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ওমানের Star Drones-এর সিইও সাঈদ আবদুল গফুর সাইফ উদ্দিন নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, স্টার্টআপে বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, রোবোটিক্স এবং যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ওমানের প্রতিনিধিদল তাদের স্টার্টআপ ইনভেস্টমেন্ট ফান্ড, নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এবং ডেটা সুরক্ষাবিষয়ক উদ্যোগ তুলে ধরে। পাশাপাশি কৃষিতে ড্রোন ব্যবহারের সফল অভিজ্ঞতা ভাগাভাগি করে বাংলাদেশে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নি-নিরাপত্তায় এ প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনার কথা জানায়।
বাংলাদেশের পক্ষ থেকে দেশের তরুণ জনশক্তি, সেমিকন্ডাক্টর ডিজাইন, রোবোটিক্স এবং গবেষণায় সরকারের উদ্যোগ তুলে ধরা হয়। এছাড়া লবণাক্ততা-সহনশীল ধান, ডায়াবেটিস রোগীদের উপযোগী চাল, ফল সংরক্ষণ ও রপ্তানি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উন্নয়নে যৌথ গবেষণার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের গবেষক, স্টার্টআপ ও নীতিনির্ধারকদের পারস্পরিক সফর বিনিময় এবং আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ন্যাশনাল ইনোভেশন ফেয়ারে ওমানি প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষের ফোকাল পয়েন্ট নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মতামত লিখুন :