প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জুলাই, ২০২৬

বেগমগঞ্জে খাল খনন, উন্নয়ন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, গত ১৮ মাসের লুটপাট ও দুর্নীতির ফাইল খোলা হলে বর্তমান সরকারের তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন, সেটাই বড় প্রশ্ন। তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার খাল খনন, উন্নয়ন এবং খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন, ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেও দেশ পরিচালিত হবে। তিনি দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তারেক রহমানকে অন্তত পাঁচ বছর সুষ্ঠুভাবে দেশ পরিচালনার সুযোগ দেওয়া উচিত। এতে বাংলাদেশ আগামী ২৫ বছর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর