
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়, এম এ আলী ভোকেশনাল ইনস্টিটিউট এবং মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রবীণ পরিচালক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও এম এ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আজিম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার স্থানীয় পরিচালক আব্দুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান কিরণ।
স্বাগত বক্তব্য দেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক মো. হারুন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সংস্থার স্থানীয় পরিচালক আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, আলাউদ্দিন আলো, প্রবাসী হাবিবুল্লাহ, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আরমান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। পরে সেনবাগ থানার ওসি মো. আব্দুর রহিম সরকার বিদ্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি এবং সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালকেরা বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, গত সপ্তাহে কর্মসূচির প্রথম ধাপে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌর এলাকার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সংস্থার ধারাবাহিক এ সবুজায়ন কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :