
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার এক যুবদল নেতা সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া এবং ওই গাছ উদ্ধার হওয়ার বিষয়ে দৈনিক ইনকিলাব পত্রিকায় ২টি সংবাদ প্রকাশ করায় পত্রিকাটি ও সাংবাদিকের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মীসহ একাধিকদেরকে দিয়ে মানহানিকর মিথ্যা অপপ্রচার চালাচ্ছে চক্রটি।
এ ঘটনায় দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু বাদী হয়ে শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় একটি ডাইরী (জিডি নং- ১৬৫০, তারিখ: ৩১/০৭/২০২৬ইং) করেন।
সাংবাদিক এহসানুল আলম খসরু অভিযোগ করে বলেন, গত ২৫ জুলাই উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামের কবির পুকুর সংলগ্ন দক্ষিণে পাকা সড়কের পশ্চিম পাশ্বে সরকারি একটি মূল্যবান মেহগনির গাছ কেটে নিয়ে যায় সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদ উল্যাহ শহিদ।
এঘটনায় ২৭জুলাই দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় ‘নোয়াখালীতে সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষের নজরে আসে। পরে ওই গাছটি ২৮জুলাই সিরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন উদ্ধার করেন। গাছ উদ্ধারের বিষয়ে দৈনিক ইনকিলাবে ২৮জুলাই আবারও “নোয়াখালীতে স্কুলের ৫টি গাছ কেটে নিয়ে গেল সেই যুবদল নেতা শহিদ, সর্বত্র নিন্দার ঝড়” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার ঘনিষ্ট আওয়ামী লীগ কর্মী হিমেল আহমেদ, এম শরীফ ভুঞা, আবদুল আজিজ সায়েম, মো. ফজলুল হক সাদ্দামকে দিয়ে ওই যুবদল নেতা শহীদ দৈনিক ইনকিলাব পত্রিকা এবং নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু’র বিরুদ্ধে ফেসবুকে নানা মানহানিকর অপপ্রচার ও ভিডিও প্রচার করে।
এতে নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু বাদী হয়ে শুক্রবার একটি জিডি করেন কোম্পানীগঞ্জ থানায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি এক্ট) মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, সাধারণ ডায়েরিটি লিপিবদ্ধ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :