
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম এ খান বেলাল। তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে আনোয়ারুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়ী এম এ খান বেলাল স্পিনিং মিল, হিমাগার, গ্যাস, কৃষি, পশুখাদ্য, ট্রেড, শিল্প, শিপিং ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে পরিচালিত সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক হিসেবে তার সর্বশেষ মেয়াদ ২০২৪ সালের জুন মাসে নবায়ন করা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ রেজাউল করিম দৈনিক নোয়াখালীর কথাকে বলেন, “পরিচালনা পর্ষদ পুনর্গঠন হওয়ায় এম এ খান বেলাল নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের সেপ্টেম্বরে সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালে উদ্যোক্তা পরিচালক আনোয়ারুল হক ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এম এ খান বেলাল নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।
নোয়াখালীর কৃতী সন্তান এম এ খান বেলাল দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নোয়াখালী জেলা সমিতি নির্বাচিত সভাপতি। এছাড়া বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নোয়াখালীর মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি জেলার বিভিন্ন মহলে সুপরিচিত ও প্রশংসিত।
আপনার মতামত লিখুন :