
স্টাফ রিপোর্টার : মাইজদীতে আয়কর আইনজীবী-২৪ ব্যাচের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাইজদীর চেন্নাই এক্সপ্রেস চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
আয়কর আইনজীবী আজিম চৌধুরীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আবদুর রহিম সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন ছায়েফ উল্যাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ট্যাক্সেস বারের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট আয়কর আইনজীবী কাজী হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী নুর আহমেদ দিদার ও অ্যাডভোকেট শহিদ উল্যাহসহ অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীরা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী হারুন অর রশিদ বলেন, সরকারের রাজস্ব আদায়ে আয়কর আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নতুন ও অভিজ্ঞ আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি নবাগত আয়কর আইনজীবীদের আয়কর আইনের বিভিন্ন ধারা-উপধারা সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন এবং নিয়মিত চর্চার মাধ্যমে দক্ষতা অর্জনের আহ্বান জানান।
আলোচনা সভায় নবাগত আয়কর আইনজীবীরা নোয়াখালী ট্যাক্সেস বারের আধুনিকায়ন, সদস্যদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় প্রায় অর্ধশত আয়কর আইনজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নতুন আইনজীবীদের সঙ্গে জ্যেষ্ঠ সদস্যদের পরিচয়পর্ব ও মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :