প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙ্গচুর, আহত ১০

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের সমর্থিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় বিএনপির অফিস ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে আহত হয়েছে উভয়দলের অন্তত ১০ নেতাকর্মী।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দিনার দোকান এলাকায় দফায় দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ৮ নং ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি ওসমান (২৪), সেক্রেটারি রিফাত (২৫), তামজিদ (২১), মুজাহিদ (২২), শিহাব (২০) সহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াত আমীর আবুল হাসেমের ছেলে মুজাহিদ ছাত্রদলের এক কর্মীকে সিরাজপুর পিএল একাডেমী মাঠে নিয়ে মারধর করে। পরে ছাত্রদল কর্মীরা শিবিরের এক কর্মীকে মারধর করার খবর পেয়ে রাত ১১ টার দিকে স্থানীয় বিএনপির অফিস ভাঙ্গচুর করে জামায়াত ও শিবির কর্মীরা।

কোম্পানীঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু জানান, শিবিরের ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের তিন চারজন কর্মীকে পিটিয়ে আহত করে।এর মধ্যে ফারুক নামের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতরা বাদী হয়ে এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অপরদিকে সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল হাসেম জানান, পিএল একাডেমী স্কুলের দু গ্রুপ ছাত্রের আধিপত্য নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির লোকজন আমাদের কর্মীরা চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় অতর্কিত হামলা করে। এতে তামজিদ, মুজাহিদ, শিহাব ও রিফাত আহত হয়।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর