প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৬

মিথ্যা প্রচারণা বন্ধে ব্যবস্থা চাইল সোনাইমুড়ী বিএনপি তৌহিদুলের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপের দাবি

মোহাম্মদ হানিফ. স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে উপজেলা বিএনপির সদস্যসচিব ও নদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন সানির বিরুদ্ধে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা’ চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। তাঁরা দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। একই সঙ্গে অভিযোগে অভিযুক্ত তৌহিদুল ইসলামের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন নদোনা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র কুতুব উদ্দিন সানির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছে। তাঁদের ভাষ্য, এতে শুধু তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, বিএনপির সাংগঠনিক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত তৌহিদুল ইসলাম ও তাঁর সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তাঁদের দাবি, কুতুব উদ্দিন সানি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সেবা ও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়েই একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচারে নেমেছে।

নেতারা অবিলম্বে এ ধরনের প্রচারণা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতাদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্যসচিব শহিদুল্লাহ রজন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, উপজেলা যুবদলের পদপ্রাপ্ত সদস্যসচিব ওমর শরীফ সোহাগ, বিএনপি নেতা নুর মোহাম্মদ মনি, মো. মোস্তফা আবু বকর নন্দীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৌহিদুল ইসলাম। তিনি  বলেন, “ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমি আওয়ামী লীগের রাজনীতি করি না।

তৌহিদুল ইসলামের দাবি, কুতুব উদ্দিন সানির সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই। তবে সানির আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক লেখা প্রকাশ করেছেন। এ কারণে কয়েক দিন আগে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছি। আমাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর