প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৬

জমি দখলচেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি পরিবারের জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কয়েক শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ৩ নম্বর ওয়ার্ডে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের আয়োজনে এ মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযুক্ত আওয়ামী দোসর ও হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী সাহাব উদ্দিন ডাকাতের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগী ও সাবেক গ্রাম সরকার সৈয়দ আহম্মদ অভিযোগ করে বলেন, তাদের প্রকৃত মালিকানাধীন ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করার পরও ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাহাব উদ্দিন ডাকাতের প্রাণনাশের হুমকিতে আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী বলেন, ভুক্তভোগীরা বিএনপি পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও বর্তমানে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও জানান, অভিযুক্ত সাহাব উদ্দিন স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সিদ্ধান্তও অমান্য করে আসছেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর