
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজিম উদ্দিন উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বালুয়া এলাকার মো. অদনের ছেলে। এর আগে রোববার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাজিমকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) চর বালুয়া এলাকায় বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল ওই কিশোরী। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁতপেতে থাকা নাজিম উদ্দিন তাকে জোরপূর্বক তুলে পাশের এক নির্জন স্থানে নিয়ে যান। সেখানে কিশোরীর মুখে ওড়না পেঁচিয়ে তাকে ধর্ষণ করা হয়। ওই সময় পাশ দিয়ে যাওয়ার পথে আমজাদ হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি ঘটনা টের পেয়ে এগিয়ে এলে নাজিম পালিয়ে যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :