
শাহরিয়ার আলম, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নিয়মিত আয়োজন **‘গল্পে আড্ডায় ক্যাম্পাস সাংবাদিকতা’** অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ভিডিও কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোবিপ্রবিসাসের সভাপতি নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *বণিক বার্তা*–এর সাবেক ডেপুটি চিফ রিপোর্টার সাইফুর রহমান সুজন।
আড্ডার ছলে আয়োজিত এ আয়োজনে সাইফুর রহমান সুজন তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তরুণ ও শিক্ষানবিশ সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন। তিনি ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব, বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদনের কৌশল এবং পেশাগত নৈতিকতা নিয়ে দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “ক্যাম্পাস সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি একজন শিক্ষার্থীর নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য ও বস্তুনিষ্ঠতার জায়গায় আপস না করে পেশাদারিত্বের সঙ্গে তরুণদের লেখালেখি চালিয়ে যেতে হবে।”
উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ ও সমসাময়িক বিষয় নিয়ে অতিথির সঙ্গে আলোচনা করেন এবং নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নোবিপ্রবিসাসের সভাপতি নাহিদুল ইসলাম অতিথিকে ধন্যবাদ জানান। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও মূলধারার সাংবাদিকতায় নোবিপ্রবিসাসের অবদান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষণীয় ও কার্যকর আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় নোবিপ্রবিসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :