
উপজেলা সংবাদাদাতা, হাতিয়া : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘জুলাইয়ের চেতনা: সাম্য, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাহিরুল ইসলাম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর আলোকপাত করেন।
এ সময় বক্তব্য দেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন, অধ্যাপক মোকাররম বিল্লাহ শাহাদাত, বিভাগীয় প্রধান মো. মুজিবুর রহমান, প্রভাষক রুবেল মিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবলু, ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহী এবং হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুরে রহমান।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :