
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের কথিত মব সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা সদরের সোনাপুর এলাকায় জেলা, পৌরসভা ও সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সোনাপুর কলেজ গেট থেকে শুরু হয়ে সোনাপুর জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান আনাস, সদস্য সচিব আশরাফুল করিম পাবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবির পরিকল্পিতভাবে মব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। একই সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, ধারাবাহিক উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য উদ্বেগের বিষয়।
বক্তারা আরও বলেন, ছাত্রশিবির তাদের এসব কর্মকাণ্ড বন্ধ না করলে ছাত্রদল রাজপথে থেকে তা প্রতিহত করবে। একই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :