প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৬

বেগমগঞ্জে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

উপজেলা সংবাদাতা, বেগমগঞ্জ : জুলাই সনদ বাস্তবায়নে আর তালবাহানা নয়, জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহর ও উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে পূর্ব বাজারের কাছারি বাড়ি জামে মসজিদের সামনে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু জায়েদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা মজলিসের সদস্য ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা ছায়ৈদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী, জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী, জেলা অর্থ সম্পাদক দ্বীন মোহাম্মদ, ইসলামী ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস শহীদ, যুব মজলিসের জেলা সেক্রেটারি মোবারক বিন মোর্শেদ, এনসিপির বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক নুর আলম মুন্না, এলডিপির বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক বদিউজ্জামান, চৌমুহনী শহর জামায়াতের আমির জসীম উদ্দিন এবং শহর সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তারা ন্যায়বিচার, জবাবদিহি, আইনের শাসন ও জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে কাছারি বাড়ি জামে মসজিদের সামনে থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডেল্টা গেট এলাকায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর