প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৬

জুলাই সনদের দাবিতে চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

উপজেলা সংবাদদাতা, চাটখিল : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণহত্যার বিচার, গণভোটের রায়ের বাস্তবায়ন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর চাটখিলে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এবং স্থানীয় ১১ দলীয় ঐক্যের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চাটখিল পৌরবাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাছান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নূর হোসেন রিয়াজ।

সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ।

এ সময় বক্তব্য দেন চাটখিল পৌর জামায়াতের আমির ও নোয়াখালী জেলা শুরা সদস্য মাওলানা আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. হানিফ, এনসিপির চাটখিল উপজেলা আহ্বায়ক গোলাপ হোসেন ফরহাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী উত্তর জেলা শাখার এইচআরডি সেক্রেটারি মো. আব্দুর রহীম, চাটখিল উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, পৌর জামায়াতের সেক্রেটারি শাফায়াত হোসাইন এবং পৌর জামায়াতের সভাপতি আবু সুফিয়ান রাহাত।

বক্তারা গণহত্যার বিচার, গণভোটের রায়ের বাস্তবায়ন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং দেশব্যাপী সংঘটিত সহিংসতার নিন্দা জানান।

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অতীতের সহিংস ঘটনার নিরপেক্ষ বিচার এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চাটখিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর