
নোয়াখালীর কথা ডেস্ক : নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তিনটি আলোচিত হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-৩।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন – মামুন (৪২), মো. ফুরকান আলী (৩১) এবং মো. আবু সাইদহ ওরফে সাবিনুর (৪৫)।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের খেমচন্দ্রপুর বড়বাড়ি এলাকার সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম (৫৭) হত্যা মামলার আসামি। গত বছরের ২৬ নভেম্বর টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহিমকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কালারাইতা ব্রিজসংলগ্ন এলাকা থেকে মো. ফুরকান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি যৌতুকের দাবিতে স্ত্রী আখি আক্তারকে নির্যাতন ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি।
এদিকে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হানুবাইশ বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. আবু সাইদহ ওরফে সাবিনুরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নোয়াখালীর শাজাহানপুর এলাকায় সোহাগ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ রয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, হত্যাকাণ্ডগুলোর পর থেকে তিন আসামিই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :