
স্টাফ রিপোর্টার : মাইজদীতে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে।
সোমবার দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা সহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
পরে জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি কর্মকর্তা আশিষ কুমার করের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল হাসান। এতে আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি বিজ্ঞানী, কৃষি ও খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী, জেলা কৃষকদলের আহ্বায়ক ফজলে এলাহী পলাশ (ভিপি), সদস্য সচিব হারুনুর রশিদ (জিএস হারুন)সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি ও প্রযুক্তির আধুনিক ধারণা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও এ ধরনের মেলার আয়োজন করা প্রয়োজন। পাশাপাশি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গুলোর মালিক, শ্রমিক ও কৃষকদের মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং কৃষকদের প্রযুক্তি নির্ভর চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলার বিভিন্ন স্টলে প্রদর্শন করা হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি, নিরাপদ ও জৈব পদ্ধতিতে খাদ্য উৎপাদন, পুষ্টি বাগান, ফল ও সবজি চাষের আধুনিক কৌশল সহ কৃষি ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি।
মেলায় কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা অংশগ্রহণ করছেন। কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন স্টলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ বালাই দমন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
আয়োজকরা জানান, কৃষিকে আরও আধুনিক, লাভ জনক ও টেকসই করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ কৃষি উৎপাদন এবং বৈচিত্র্যময় খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
আপনার মতামত লিখুন :