
মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন।
আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-মিলের মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অজ্ঞাতনামা এক ব্যক্তি। এতে তাঁর গলায় গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরিবারের দাবি, রাতে একজন চোর ঘরে ঢুকে সালেহ আহমেদকে জবাইয়ের চেষ্টা করে। তবে ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। এ কারণে ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন বলেন, ‘আমি জেলা শহর মাইজদীতে ছিলাম। এখন ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
আপনার মতামত লিখুন :