প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০২৬

বিদেশে স্কলারশিপপ্রাপ্ত নোবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

শাহরিয়ার আলম, নোবিপ্রবি : তুরস্ক ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপপ্রাপ্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি বহন করে।

তিনি আরও বলেন, “তোমরা যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছো, তারা নোবিপ্রবির প্রতিনিধি হিসেবে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামও বহন করবে। নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও সমুন্নত রাখবে বলে আমি প্রত্যাশা করি।”

উপাচার্য জানান, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, নোবিপ্রবির ছয়জন শিক্ষার্থী ইন্টারন্যাশনাল মবিলিটি অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তুরস্ক ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর