প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০২৬

জামিনে মুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ৪ জন আটক

স্টাফ রিপোর্টার : সদর উপজেলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের মৃত শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), একই গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) এবং মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন জুমার নামাজের পর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। এ খবর পেয়ে কয়েকজন নেতাকর্মী এক ব্যাগ ফুলের মালা নিয়ে কারাগারের ফটকের সামনে অবস্থান নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা একটি ফুলের মালা নিয়ে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ছবি তুলে শোডাউন করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর