
নোয়াখালীর কথা ডেস্ক : ঢাকা-লাকসাম-সোনাপুর রুটে চলাচলকারী লালসবুজ পরিবহনের বিরুদ্ধে যাত্রী হয়রানি, নিম্নমানের বাস পরিচালনা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, পরিবহনটির বেশ কিছু বাস নামে এসি হলেও বাস্তবে সেগুলোর অবস্থা লক্কর-ঝক্কর। ফলে দীর্ঘ এ পথে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে লাকসাম হয়ে সোনাপুর পর্যন্ত সড়কপথের দূরত্ব প্রায় ১৬১ কিলোমিটার। বিআরটিএ নির্ধারিত প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা হিসাবে এ পথে ভাড়া হওয়ার কথা প্রায় ৩৫৯ টাকা। অথচ লালসবুজ পরিবহন নন-এসি বাসে ৫০০ টাকা এবং এসি বাসে ৫৫০ টাকা ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
এতে নির্ধারিত ভাড়ার তুলনায় যাত্রীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।
এদিকে গতকাল সোমবার সোনাপুর থেকে ঢাকাগামী লালসবুজ পরিবহনের একটি বাসে বোরহান নামে এক যাত্রী হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার অভিযোগ, ঢাকা মেট্টো ব ১২-৩৩৯৭ বাসের সুপারভাইজার আসিফ এর আচরণ ছিল অত্যন্ত অশোভন। তিনি যাত্রীদের সঙ্গে এমনভাবে কথা বলেন, যেন যাত্রীরা পরিবহনের কর্মচারী বা চাকর-বাকর।
বোরহান অভিযোগ করে বলেন, যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার পরিবর্তে সুপারভাইজার আসিফ বিভিন্ন সময় দুর্ব্যবহার করেন। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
যাত্রীদের দাবি, দীর্ঘ পথের এই রুটে উন্নতমানের বাস, নিরাপদ ও আরামদায়ক যাত্রা এবং সঠিক যাত্রীসেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
লালসবুজ পরিবহনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
আপনার মতামত লিখুন :