প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৬

হেফাজতের ৯ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে, হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবি

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারের কাছে তাদের দাবির তালিকা ১৩ দফা থেকে কমিয়ে ৯ দফায় এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটির নেতারা নতুন এই ৯ দফা দাবি পেশ করেন।

গত রোববার সরকারি সফরে চট্টগ্রাম ও কক্সবাজারে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সংগঠনের শীর্ষ নেতারা ধর্মীয়, শিক্ষাবিষয়ক ও বিচারসংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরেন।

নতুন দাবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘হেযবুত তওহীদ’ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি। হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, সংগঠনটি ইসলামকে বিকৃত করছে এবং সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ কারণে তাদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া ৯ দফা দাবিতে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানের স্বীকৃতির কার্যকর বাস্তবায়ন, সরকারি চাকরিতে ওই সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ তৈরির দাবি জানানো হয়েছে।

হেফাজত আরও দাবি করেছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

সংগঠনটির নেতারা জানান, আগের দাবির মধ্যে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের বিষয়টি এবার অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের দাবি, বিএনপি ইতোমধ্যে এ বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার করেছে, তাই নতুন করে তা উত্থাপনের প্রয়োজন হয়নি।

তবে হেফাজতের দীর্ঘদিনের কয়েকটি দাবি এখনও বহাল রয়েছে। এর মধ্যে রয়েছে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, শিক্ষার বিভিন্ন স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা, পার্বত্য চট্টগ্রামে কথিত মিশনারি তৎপরতা বন্ধ, হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা সাদ কান্ধলভী ও তাঁর অনুসারীদের অংশগ্রহণ বন্ধ করা।

২০১৩ সালে ১৩ দফা দাবি উত্থাপনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসে হেফাজতে ইসলাম। পরবর্তীতে বিভিন্ন সময়ে সংগঠনটি অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের কাছেও দাবি উত্থাপন করেছে। এবার দাবির সংখ্যা কমিয়ে ৯ করা হলেও ধর্মীয়, শিক্ষাবিষয়ক ও বিচারসংক্রান্ত অধিকাংশ মূল অবস্থান বহাল রেখেছে সংগঠনটি।

আরও পড়ুন

  • . এর আরও খবর