
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। এ ঘটনায় ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে হামলায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, এসআই আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইছাক শেখ।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৯-১০ জনের বিরুদ্ধে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। অভিযোগের তদন্তে ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পুলিশ দুই পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসার কথা বলে ঘটনাস্থল থেকে ফেরার সময় বাদী নুরুল আবসার ফোন করে জানান, অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে অভিযুক্তরা লাঠি ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :