
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তৈয়ার বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি ওই এলাকার বাসিন্দা মফিজ উল্যাহর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে যান লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম চৌধুরী।
এসময় জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদরের পক্ষ থেকে পরিবারের জন্য শুকনা খাবার ও শীতবস্ত্র দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দুর্যোগ ও বিপদের সময় এভাবেই প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে।
আপনার মতামত লিখুন :