প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৬

চাপরাশিরহাট বাজারের সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী ও সবচেয়ে বড় বাজার চাপরাশিরহাট বাজার,সেই বাজারের সড়কটির বেহাল দশার কারণে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের।

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কজুড়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ,এতে চলাচলে পোহাতে হচ্ছে মারাত্মক ভোগান্তি, প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে।

রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে,সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা দেখে বোঝার উপায় থাকে না রাস্তা নাকি কোনো ছোট ডোবা।

যানবাহন চললে জমে থাকা কাদাপানি ছিটে এসে নোংরা হচ্ছে পথচারীদের পোশাক।

রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াতকারী এক পথচারী আক্ষেপ করে বলেন,এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তারা অনেক কষ্টে আছে,সামান্য পথ পাড়ি দিতে দ্বিগুণ সময় লেগে যায়।

ঝাঁকুনিতে শরীরে ব্যথা হয়ে যায়, অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মায়েদের জন্য এই রাস্তা দিয়ে যাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায়, ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই তাদের যানবাহনের পার্টস নষ্ট হয়ে যাচ্ছে,ফলে প্রতিদিনের উপার্জনের একটি বড় অংশ চলে যাচ্ছে গাড়ি মেরামতের পেছনে।

অনেক সময় ছোট ছোট যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীদের দাবি,সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা,দুর্ভোগ নিরসনে ও পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই সড়কটি মেরামতের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

আরও পড়ুন

  • . এর আরও খবর