
শাহরিয়ার আলম, নোবিপ্রবি : শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘টাকা না মেধা? মেধা মেধা’, ‘মামা না মেধা? মেধা মেধা’, ‘কমিটি না মেধা? মেধা মেধা’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি, দলীয়করণ ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়া হলে শিক্ষাব্যবস্থায় স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির সুযোগ বাড়বে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বুলবুল ফাহিম বলেন, “শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অযৌক্তিক সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষা উপদেষ্টা বলেছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাহলে প্রাথমিকভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।”
এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও নোবিপ্রবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “শিক্ষক নিয়োগ কোনো ছেলেখেলা নয়। শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ে তোলেন। তাই শিক্ষক নিয়োগ হতে হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। অতীতে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগে দলীয় স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের অভিযোগ ছিল। সেই পরিস্থিতিতে ফিরে যাওয়ার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “সরকারের এখনো সময় আছে এই সিদ্ধান্ত থেকে সরে আসার। অন্যথায় শিক্ষার্থীরা গণআন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাবে।”
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগে আর সুপারিশ করবে না এনটিআরসিএ।
নতুন ব্যবস্থায় নিয়োগের দায়িত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে। গত ৩ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এনটিআরসিএর কার্যক্রম-সংক্রান্ত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :