
উপজেলা সংবাদদাতা, হাতিয়া : মেঘনা নদীর বুকে সন্দেহজনক একটি বাল্কহেড। ভেতরে স্তূপ করে রাখা সিমেন্টের বস্তা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই বাল্কহেড থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট। আটক করা হয়েছে তিনজনকে। কোস্টগার্ডের দাবি, সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
বুধবার (১২ আগস্ট) বিকেলে হাতিয়া উপজেলার মৌলভীচরসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব সিমেন্ট ও একটি স্টিলবডি বাল্কহেড জব্দ করে কোস্টগার্ড।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার মো. নিরব (৩৫)।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি বাল্কহেড থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ সিমেন্টের বস্তা পাওয়া যায়।
পরে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। অভিযানে বাল্কহেডটিও জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করেছে।
নদীপথে পণ্য পাচারের এমন তৎপরতা ঠেকাতে অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :