
স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলার ৮ নম্বর বেগমগঞ্জ ইউনিয়নের ২ নম্বর মহব্বতপুর ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলম (প্রায় ৩৫) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুমনকে (৩৮) ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বাদ এশা বেগমগঞ্জ কেন্দুরবাগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বেগমগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হোসেন রুবেল দৈনিক নোয়াখালীর কথা-এর প্রতিবেদককে জানান, স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীর মাদক সেবনে বাধা দিতে গেলে নুর আলম ও সুমনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহাগ ও ছোট ফয়েজ সহ তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
জাহিদ হোসেন রুবেলের ভাষ্য অনুযায়ী, হামলার সময় নুর আলমের হাত ও বুকের বাম পাঁজরে ছুরিকাঘাত করা হয়, অপরদিকে সুমনের হাতেও একাধিক ছুরিকাঘাত করা হয়েছে বলে তিনি জানান।
পরে স্থানীয় লোকজন আহত নুর আলম ও সুমনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহিদ হোসেন রুবেল আরও জানান, নুর আলমের বুকের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা ছুরির আঘাত ফুসফুসে লেগে থাকতে পারে বলে ধারণা করেছেন। তবে এ বিষয়ে চিকিৎসকদের কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার পর এখন পর্যন্ত থানায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোহাগ ও ছোট ফয়েজের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :