প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ আগস্ট, ২০২৬

দায়িত্বের শেষ দিনে রাকিব-নাসিরের বিদায়ী বার্তা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়েছে। দায়িত্বের শেষ দিনে পৃথক বিদায়ী বক্তব্যে তারা জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদলের ভূমিকা, সাংগঠনিক সাফল্য-ব্যর্থতা ও নতুন নেতৃত্ব নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেছেন।

রাকিব বলেন, দায়িত্ব পালনকালে ক্যাম্পাসে ইতিবাচক ছাত্ররাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনকে তিনি কমিটির অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

নাসির উদ্দিন বলেন, ২০২৪ সালের ১ মার্চ দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টের আন্দোলন ছিল সবচেয়ে কঠিন অধ্যায়। ওই সময়ে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন বলেও দাবি করেন তিনি।

সাংগঠনিক সাফল্য তুলে ধরে নাসির জানান, তাদের সময়ে দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। তবে কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশসহ কয়েকটি কমিটি সম্পন্ন করতে না পারাকে অপূর্ণতা হিসেবে উল্লেখ করেন তিনি। ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়টিও ভবিষ্যতের জন্য শিক্ষা হিসেবে দেখছেন বলে জানান।

দুই নেতা দায়িত্ব পালনে ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। নাসির বলেন, দায়িত্ব থেকে বিদায় নিলেও ছাত্রদল থেকে বিদায় নিচ্ছেন না; প্রয়োজন হলে নতুন নেতৃত্বের পাশে থাকবেন। রাকিবও নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর