
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগী, সেনবাগ : বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সেনবাগ পৌর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোওয়ান ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনবাগ থানা পুলিশের একটি দল এবং নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
অভিযানকালে সেনবাগ বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান ও শপিংমল খোলা রাখায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত লাইটিং থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। ক্রেতাদেরও নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়।
অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করায় ‘হক বেকারী’কে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :