প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ আগস্ট, ২০২৬

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় মাইজদীতে ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় নোয়াখালীতে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়। দলের গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে জেলা ছাত্রদল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী সুপার মার্কেটের সামনে এসে শেষ হয় এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপস্থিত ছাত্র নেতারা শুভেচ্ছা বক্তব্য দেন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। এ সময় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান আনাস সহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা রুহুল কবির রিজভী আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করে তাকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের জন্য মনোনীত করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে ওঠা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, রুহুল কবির রিজভী আহমেদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ১৫ আগস্ট তাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর মাত্র কয়েকদিন পর ২০ আগস্ট তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর