
উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিলে জাতীয় দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আবু ছালেহ মাহমুদ চঞ্চল চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিক চঞ্চল চৌধুরী অভিযোগ করে জানান, গত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি থেকে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
চঞ্চল চৌধুরী আরও জানান, তিনি যে ব্যবসায়িক প্রতিষ্ঠান মোহাম্মদীয়া হাউজিংয়ের সঙ্গে যুক্ত, প্রতিষ্ঠানটির কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করতেই একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে বলে তার ধারণা। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে তিনি আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় তার সহকর্মী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভুয়া আইডিগুলোর ব্যবহারকারীদের শনাক্ত করে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চাটখিল থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
এদিকে সাংবাদিক চঞ্চল চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় চাটখিল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনার বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসআই মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :