
উপজেলা প্রতিনিধি, সদর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এ আসন থেকে টানা তিন বারের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
টানা চতুর্থবার নৌকার টিকিট লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের সাথে আমার সম্পর্কের মূল্যায়ন করেছেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের প্রতি আমার ভালোবাসার এবং আমার প্রতি তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন। আমার নেত্রী আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আমি নেত্রীর কাছে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একরামুল করিম চৌধুরী আরো বলেন, অতীতের ন্যায় ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে আমার নেত্রীকে উপহার দিব। আমার এলাকার জনগণের ভালোবাসাই রাজনীতিতে আমার মূল পুঁজি। অতীতে কুচক্রিদের কোন চক্রান্ত ষড়যন্ত্রই আমার জনগণকে আমার কাজ থেকে দূরে সরাতে পারেনি, তাদেরকে বিভ্রান্ত করতে পারেনি, আগামীও পারবেনা।অতীতের ন্যায় যতদিন বেঁচে থাকবো আমার এলাকার জনগণের সুখে দু:খে আমি তাদের পাশে থাকবো আজকের দিনে এটাই আমার অঙ্গীকার।
এদিকে একরামুল করিম চৌধুরীকে টানা চতুর্থবার নৌকার টিকিট দেওয়ার খবরে নোয়াখালী সদর ও সুবর্ণচরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
রবিবার বিকেলে টেলিভিশনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর পরই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :