
উপজেলা সংবাদদাতা, সদর : সোনাপুর জিরো পয়েন্ট থেকে মতিপুর রোড হয়ে অশ্বদিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর ও বিস্তৃত যে, দূর থেকে দেখলে রাস্তার মাঝখানে ছোট পুকুরের মতো মনে হয়। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থা থাকলেও কার্যকর সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশেষ করে সড়কের বিভিন্ন মোড়ে থাকা বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য অসতর্কতায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের খানাখন্দ ও গর্তের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে গর্তের গভীরতা বুঝতে না পেরে যানবাহন চালকদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
স্থানীয়রা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় সময়ও বেশি লাগছে। পাশাপাশি গর্তে পড়ে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির করুণ অবস্থা দেখলেও স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজনে প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।
এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও চলাচল উপযোগী করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে সড়কটি আবারও দ্রুত নষ্ট না হয়, সে জন্য টেকসই সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে সোনাপুর–অশ্বদিয়া সড়ক ব্যবহারকারীদের মুক্তি দেবে।
আপনার মতামত লিখুন :