
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : বাংলা একাডেমি প্রকাশিতব্য ‘বাংলা একাডেমি লেখক অভিধান’-এ অন্তর্ভুক্তির জন্য লেখকদের তথ্য পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য পাঠানোর শেষ সময় ৩১ আগস্ট ২০২৬-এর পরিবর্তে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত পুননির্ধারণ করা হয়েছে।
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি লেখক অভিধান’-এ অন্তর্ভুক্তির জন্য ইতোমধ্যে প্রায় এক হাজার লেখক তথ্য পাঠিয়েছেন। তবে অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতে লেখকদের তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা গুগল ফর্মে তথ্য জমা দিতে পারেননি, তারা ই-মেইলের মাধ্যমে balekhokovidhhan@gmail.com ঠিকানায় প্রয়োজনীয় তথ্য পাঠাতে পারবেন। তবে যারা ইতোমধ্যে গুগল ফর্মের মাধ্যমে তথ্য পাঠিয়েছেন, তাদের পুনরায় ই-মেইলে তথ্য জমা দেওয়ার প্রয়োজন নেই।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, সরাসরি কোনো তথ্য-প্রমাণক জমা দেওয়া যাবে না। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই লেখকদের তথ্য পাঠাতে হবে।
তথ্য পাঠানোর জন্য বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে একটি গুগল ফর্মের কিউআর কোড দেওয়া হয়েছে। আগ্রহী লেখকরা কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবেন।
বাংলা একাডেমির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট লেখকদের তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :