
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : ‘বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল।’—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা পরিষদ মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘পতিত আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়ে গেছে এবং লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি দল সংসদের ভেতরে এক কথা বলে, আবার বাইরে এসে ভিন্ন কথা বলে। তারা বিভিন্ন সময়ে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। কিন্তু কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের সময় তারেক রহমান জনগণের সঙ্গে যেসব ওয়াদা করেছিলেন, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা, খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।’
শিক্ষাখাতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমান শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বেশি বরাদ্দ রেখেছেন। আগামী কয়েক মাসের মধ্যে দেশের স্কুল, কলেজ ও মাদরাসাগুলোর উন্নয়ন কার্যক্রম শুরু হবে।’
সেনবাগের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘আগামীতে সেনবাগে কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা পাকা করা হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘কিছু দিনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, দল তাদের মূল্যায়ন করবে।’ তিনি গ্রুপিং ও বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সদস্য সচিব ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন, নুরনবী বাচ্চু, হুমায়ুন কবির হুমু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবদুল আজিম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :