
উপজেলা সংবাদদাতা, চাটখিল : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল-ঢাকা মহাসড়ক থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি চাটখিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় চাটখিল-ঢাকা মহাসড়কের পাশে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসান হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা এবং দেওয়ান শামসুল আরেফিন শামিম।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবু এবং উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু হানিফ কর্মসূচিতে অংশ নেওয়া সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার আদায়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক অবদান রয়েছে। একই সাথে তিনি বিগত দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপির সফল অভিজ্ঞতার চিত্রও তুলে ধরেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :