প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে হাজারো জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা। এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত হয়ে ওঠে।

পরে সন্ধ্যার আগে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুর আজিম সুমন, বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকার সাধারণ সম্পাদক ও দৈনিক নোয়াখালীর কথার সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন, নোয়াখালী ক্লাবের পরিচালক মাহফুজুর রহমান কিরন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সাংবাদিক সাইফুর রহমান রাসেলসহ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতৃবৃন্দ।

জানা গেছে, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নোয়াখালী একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। এ অঞ্চলে বহু গুণী ও কৃতী মানুষের জন্ম হয়েছে। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে নোয়াখালীর মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বৃহত্তর নোয়াখালীর বিপুল জনসংখ্যা ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা এখন সময়ের দাবি।

তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনগণের সেবা সহজলভ্য করার স্বার্থে নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণার দাবি জানান তারা।

বক্তারা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর