প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মো. শাহজাহান

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এর পাশাপাশি তিনি বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। একই দিনে পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। নতুন করে গঠিত পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটির কোনোটিতেই বিরোধী দলের কোনো সদস্যকে সভাপতি করা হয়নি।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এ পর্যন্ত ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩৬টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ৯টি বিষয়ভিত্তিক কমিটি।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে একেএম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী আসগার লবি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এসএম রফিকুল ইসলাম।

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। ওই কমিটি থেকে একেএম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের পরিবর্তে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর