
শাহরিয়ার আলম, নোবিপ্রবি : নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা সমাবেশ করেন।
সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষায় নম্বর বণ্টনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বেশি নম্বর রাখলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নোবিপ্রবি শাখা ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
সমাবেশে শিক্ষার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে লিখিত ও মৌখিক পরীক্ষায় নম্বরের ভারসাম্য পুনর্নির্ধারণের আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :