প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নোয়াখালী সফরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন।

নোয়াখালীতে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

মন্ত্রীকে স্বাগত জানাতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, অবৈধ অস্ত্র ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলার দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে নোয়াখালী ও ফেনী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ জেলার সরকারের সামগ্রিক কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবেন।

নোয়াখালী সফরের অংশ হিসেবে পরে মন্ত্রী জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

নোয়াখালী সফরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর