
উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিলে ব্যবসায়ী সৈয়দ হাসান মাহমুদকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা পুলিশের সামনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী। একই সঙ্গে আসামিরা তাকে হত্যার পর লাশ গুম করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ী।
সোমবার সকালে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন ঢাকার ব্যবসায়ী ও চাটখিল উপজেলার জয়াগ ইউনিয়নের ধলীয়াপাড়া গ্রামের বাসিন্দা সৈয়দ হাসান মাহমুদ।
তিনি জানান, গত শনিবার দিবাগত রাতে হালিমা দিঘীর পাড় এলাকায় পি.জি. স্কুলসংলগ্ন ব্রিজের ওপর তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়। রক্তাক্ত অবস্থায় চাটখিল থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সৈয়দ হাসান মাহমুদের অভিযোগ, ঘটনার পরদিন রোববার সকালে তার সৎ মামা মো. সোলেমান হোসেনসহ চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ নিয়ে পুলিশের পক্ষ থেকে গড়িমসি করা হয়। পরে মামলা হলেও ঘটনার পর প্রায় দেড় সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় তাকে উদ্ধারকারী পুলিশ সদস্যরা বিষয়টি প্রত্যক্ষ করলেও পরবর্তীতে পুলিশের ভূমিকা নিয়ে তার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তার দাবি, স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে আসামিরা পুলিশের ওপর প্রভাব বিস্তার করে তাদের গ্রেপ্তার এড়ানোর সুযোগ পাচ্ছে। ঘটনার পরদিন আসামিরা থানায় গেলেও তাদের গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মামলার বাদী আরও বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি তাকে হত্যার এবং লাশ গুম করে ফেলার হুমকি দিচ্ছে। এ কারণে তিনি আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সৈয়দ হাসান মাহমুদের মায়ের ওয়ারিশি সম্পত্তি ও তার ক্রয়কৃত সম্পত্তি নিয়ে সৎ মামা মো. সোলেমান হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে এর আগেও তাকে গাড়িচাপা দেওয়াসহ বিভিন্নভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সৈয়দ হাসান মাহমুদ জানান, বিরোধপূর্ণ সম্পত্তি সংক্রান্ত মামলার হাজিরা দিতে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে শনিবার রাতে তার ওপর হামলার ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :