
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর অংশ হিসেবে নোয়াখালীর চার থানায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেগমগঞ্জ মডেল থানা, সেনবাগ থানা, কবিরহাট থানা ও হাতিয়া থানায় পৃথকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জানা গেছে, প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২০ বছর বয়সী তরুণ খেলোয়াড়রা অংশ নেন। খেলা শেষে প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই করা হয়। থানা পর্যায়ে বাছাই করা খেলোয়াড়দের মধ্য থেকে পরবর্তী পর্যায়ের জন্য দল গঠন ও খেলোয়াড় নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
এ দিকে নোয়াখালীর আরও পাঁচটি থানায় আগামী ১৯ সেপ্টেম্বর ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা বলছেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়রা বলেন, পুলিশের উদ্যোগে এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় উৎসাহিত হচ্ছেন তারা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হলে তরুণ খেলোয়াড়রা অনুপ্রাণিত হবেন এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা তাদের।
জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। কাবাডি আমাদের ঐতিহ্যবাহী খেলা। নোয়াখালীতে অনেক প্রতিভাবান তরুণ রয়েছেন। তাদের প্রতিভা খুঁজে বের করে যথাযথভাবে বিকশিত করার সুযোগ তৈরি করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, থানা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে পরবর্তী ধাপে দল গঠন করা হবে। আমরা আশা করি, এ আয়োজনের মধ্য দিয়ে জেলা থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় উঠে আসবে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রেখে একটি শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক প্রজন্ম গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :