প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

স্টাফ রিপোর্টার : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছরের ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের বাঁশঝাড়ের পাশে একটি ঝোপের মধ্যে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক দিনমজুর ও তার ভাতিজা। পরে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে গিয়ে মামুন নামে আরেকজনকে জানান। এর প্রায় দেড়-দুই ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে হারিয়েছে জানার পর তারা অপ্রতিমের মরদেহের সন্ধান জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম নামের ১৩ বছরের এক কিশোর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

  • . এর আরও খবর