
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি মিছিলে অংশগ্রহণ এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে আয়োজিত ভোজে অংশ নেওয়ার অভিযোগের পর তাকে প্রত্যাহার করা হয়।
শনিবার সেনবাগের নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের (সাবেক কাবিলপুর ইউনিয়ন) ইয়ারপুর বটতলা বাজার এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত একটি মিছিল অনুষ্ঠিত হয়। একই সময়ে সেনবাগের বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভোজে ওসি আবদুর রহিম সরকার অংশ নেন এমন অভিযোগ ওঠে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
এদিকে, ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহারের পর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করছেন পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন।
তবে মিছিলে অংশগ্রহণ ও ভোজে যোগ দেওয়ার অভিযোগের বিষয়ে ওসি আবদুর রহিম সরকারের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপনার মতামত লিখুন :