প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১ ডিসেম্বর, ২০২৩

জেলা আ. লীগের সভাপতি ও সহ-সভাপতি স্বতন্ত্রপ্রার্থী

উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল করলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় স্বতন্ত্র প্রার্থী জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন উপস্থিত ছিলেন।

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন নির্বাচন যেনো অংশগ্রহণ মূলক হয়। কোনো প্রার্থী যেনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হতে পারেন। আমি নিজেও দলীয় মনোনয়ন ক্রয় করেছিলাম। তবে আমাকে মনোনয়ন দেইনি। আমি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের পক্ষে মনোনয়ন দাখিল করেছি।

স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আমাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। অংশগ্রহণ মূলক নির্বাচন করার জন্য যে কেউ প্রার্থী হতে পারবে বলেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে তারা আমাকে প্রার্থী হতে বলেছেন। তাই আমার সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিমসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এসে মনোনয়ন দাখিল করেছেন।

শিহাব উদ্দিন শাহিন আরও বলেন, নোয়াখালী-৪ আসন খুবই গুরুত্বপূর্ণ আসন। ১৯৫৬ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের সভাপতি জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিল। তার মৃত্যুর পর নেতৃত্ব শূন্যতা বিরাজ করছিলো। আমরা যেভাবেই হোক একজনকে এমপি নির্বাচিত করেছি। যদিও তিনি এই আসনের বাসিন্দা নন। তিনি এই এলাকার বহিরাগত। মানুষ সুখে দুঃখে তাকে পায় না। এই এলাকার জনগনের চাওয়া যেনো এই এলাকার বাসিন্দা যেনো সংসদ নির্বাচনে প্রার্থী হয়। উন্নয়নের স্বার্থে আমাকে তারা প্রার্থী করেছেন।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর