প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬

চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধার স্বাক্ষর রেখে দেশ গড়ার আহ্বান

উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিলে ২০২৬ সালের এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া ৮০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনজুর আহম্মেদ ভূঁইয়া, চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তফা কামাল ও সদস্য সচিব আহসানুল হক মাসুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অধীনে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রাথমিক শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল সার্টিফিকেট অর্জন নয়, প্রকৃত জ্ঞান এবং আত্মবিশ্বাসই মানুষকে জীবনের যেকোনো কঠিন পরিস্থিতি ও প্রতিযোগিতায় সফল করে তোলে। নিজের ছাত্রজীবনের সংগ্রামের কথা তুলে ধরে তিনি অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সাথে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে শুধু নিজেদের জন্য নয়, দেশের সম্পদে পরিণত হয়ে মেধার মাধ্যমে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের ভেতর অনুপ্রেরণা জাগাতে এবং তাদের এই কৃতিত্ব স্মৃতির পাতায় ধরে রাখতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই বিপদগামী না হয় এবং তাদের সফলতার ধারাবাহিকতা বজায় থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয়ে দেশের সেবা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্যের এই ধারা অব্যাহত রেখে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানা।

আরও পড়ুন

  • . এর আরও খবর