প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ অক্টোবর, ২০২৬

দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ সবার: ব্যারিস্টার খোকন

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় চাটখিল উপজেলার পাল্লা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার।”

মৌলবাদ ও সাম্প্রদায়িক উসকানিকে শান্তি ও সাম্যের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ব্যারিস্টার খোকন চাটখিলের ১২টি পূজামণ্ডপে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন। একই দিন তিনি এলজিইডির আওতায় সাহাপুর-দশঘরিয়া বাজার সড়ক মেরামতকাজের উদ্বোধন করেন।

পাল্লা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে চাটখিল থানার ওসি আব্দুল মুন্নাফ, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্যসচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর